১১ ডিজিটে প্রতিস্থাপিত হচ্ছে রাজশাহীর ল্যান্ডফোন
উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা, সারদা, পুঠিয়া, দুর্গাপুর এবং তালাইমারী টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ৭ ডিজিটের টেলিফোন নম্বরসগুলো ১১ ডিজিটে রূপান্তর করছে বিটিসিএল। এমওটিএন প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের নতুন নম্বরগুলো পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির গণমাধ্যম মুখপাত্র মীর মোহাম্মাদ মোরশেদ।
তিনি জানিয়েছেন বাঘা এক্সচেঞ্জের পুরাতন ০৭২ ৩৩৫৬ নম্বর ০২ ৫৮৮৮৬৯৮ নম্বরে, সারদা টেলিফেন এক্সচেঞ্জের নম্বর ০২ ৫৮৮৮৬৯২ ডিজিটে, পুঠিয়া ০২ ৫৮৮৮৬৮৬ নম্বরে এবং দূর্গাপুর টেলিফোন এক্সচেঞ্জের নম্বর ০২ ৫৮৮৮৬৮৮ নম্বরে প্রতিস্থাপিত হচ্ছে।
গ্রাহকবৃন্দের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েব সাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। এছাড়াও নম্বর পরিবর্তনের সাথে সাথে সগ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮০ ২ ৫৮৮৮৬৯২XX’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃ বাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।